ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ হাসপাতালে সেবা নিতে আসা এক জুলাইযোদ্ধাকে অপদস্তের অভিযোগ উঠেছে ওই হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে।
রবিবার (২ নভেম্বর) এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন জুলাইযোদ্ধা মতি মিয়া।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের রমজান আলীর ছেলে তালিকাভুক্ত জুলাইযোদ্ধা মতি মিয়া (১১৫৪৮) তার বাকপ্রতিবন্ধী বড় ভাইয়ের স্ত্রী মাজেদা আক্তার ও দৃষ্টিপ্রতিবন্ধী নাতি আমির হামজাকে নিয়ে হাসপাতালের ১৩ নম্বর কক্ষে প্রতিবন্ধী সনাক্তকরণ ফরম স্বাক্ষর নিতে যান। এ সময় ওই কক্ষে দায়িত্বে ছিলেন খোদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসাইন। জুলাইযোদ্ধা তার কাছে স্বজনের স্বাক্ষর নিতে গেলে তার প্রতি ক্ষিপ্ত হয়ে এ পর্যায়ে তাকে রুম থেকে বের করে দেন। পরে তিনি আবাসিক চিকিৎসক ডা. সুমাইয়া হোসেন লিয়ার কক্ষে গেলে তাদের নানা কটুক্তি ও ভৎসনা করে রুমে থেকে বেরিয়ে যেতে বলেন।
এ বিষয়ে মতি মিয়া বলেন, ‘তাদের (চিকিৎসকদের) আচরণে আমার দুচোখ বেয়ে পানি ঝরছিল। আমি তাদের আচরণে খুবই কষ্ট পেয়েছি। আমি তাদের বিচার চাই।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘অভিযোগকারীকে নিয়ে আসেন’। ঘটনার দিন তিনিই নিজেই ওই রুমে দায়িত্বে ছিলেন বলে জানান।
আবাসিক আবাসিক চিকিৎসক ডা. সুমাইয়া হোসেন লিয়ার রুমে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে ফোনে এবং ক্ষুদেবার্তা দিয়েও তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ইউএনও সানজিদা রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফয়সল আহমেদ/অমিয়/