সাতক্ষীরার শ্যামনগরে শ্রেণি শিক্ষকের পিটুনির জেরে মাশকুরা খাতুন নামের এক স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার নুরনগর ইউনিয়নের হাজীপুর গ্রামের মিজানুর রহমানের কন্যা মাশকুরা পার্শ্ববর্তী নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঘটনাটি ঘটার পরপরই শিক্ষকরা তাকে পৌর সদরের ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে, শ্রেণি কক্ষের ফ্যান ছাড়ার অভিযোগে শিক্ষক নাজমুল হোসেনের পিটুনিতে আহত হয় সে। শিক্ষকের এলোপাতাড়ি মারপিটের সময় পাঠদান কক্ষের জানালার গ্রিলের সঙ্গে মাথায় ধাক্কা লাগলে মাশকুরা সঙ্গাহীন হয়ে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে মাশকুরার কয়েক সহপাঠী জানায়, পাঠদান চলাকালে শ্রেণিকক্ষের ফ্যান বন্ধ ছিল। এসময় কয়েকজন শিক্ষার্থীর অনুরোধে মাশকুরা ফ্যানের সুইচ ‘অন’ করলে শিক্ষক নাজমুল ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করেন।
শিক্ষাথীরা আরও জানায়, শুরুতে স্টিলের স্কেল দিয়ে হাতে পিটুনি দিলেও একপর্যায়ে তিনি হাত দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় শিক্ষকের উপুর্যপুরি আঘাতে মাশকুরা পাশের জানালার গ্রিলে মাথায় ধাক্কা লাগায় সঙ্গাহীন হয়ে পড়ে।
ঘটনার শিকার শিক্ষার্থী মাশকুরা জানান, বোরকা পরিহিত কয়েক ছাত্রী তাকে ফ্যান ছাড়ার জন্য অনুরোধ করেন। এ সময় আকস্মিকভাবে শিক্ষক নাজমুল হোসেন পাঠদান বন্ধ রেখে পাশে এসে তাকে মারতে শুরু করে।
ঘটনার শিকার ছাত্রীর বাবা মিজানুর রহমানের দাবি ‘শিক্ষকের মারপিটে মাশকুরা আহত হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে একই শিক্ষক তার যাবতীয় চিকিৎসা ব্যয় বহনের প্রতিশ্রুতি দিয়েছেন।
অভিযুক্ত শিক্ষক নাজমুল হোসেন জানান, শাসনের জন্য তিনি মারতে উদ্যত হয়েছিলেন। তবে মাশকুরা ভয়ে মাথা সরিয়ে নেয়ার কারনে গ্রিলে ধাক্কা লেগে আহত হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক শামিম হোসেনের ভাষ্য ‘বিষয়টি নিয়ে ছাত্রীর পিতার সাথে শিক্ষকের মধ্যে একটা সমঝোতা হয়েছে’।
শাহাজান সিরাজ/এসএন