জেলার সৈয়দপুরে এক বিদ্যালয়ের প্রধান ও সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা (এটিও)'র বিরুদ্ধে গুরুতর অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
রবিবার (৯ নভেম্বর) বেলা ১১ টা হতে ৩ টা পর্যন্ত উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাটোয়ারী পাড়ার শিশু মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসুচী পালিত হয়।
অভিযুক্তরা হচ্ছেন-প্রধান শিক্ষক শাহানাজ বেগম শিল্পী ও সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা (এটিও) মোছা: মরিয়ম নেছা।
‘শিক্ষা আমাদের অধিকার, অনিয়ম নয় আর’, ‘অপসারণ চাই প্রধান শিক্ষক-এটিও’র’, এমন শ্লোগানের প্লাকার্ড ও ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসিসহ প্রায় তিন শতাধিক মানুষজন।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বছরের পর বছর দায়িত্বে থেকেও শিক্ষা উন্নয়নে ভূমিকা না রেখে দুর্নীতির আশ্রয় নিয়েছেন। তিনি বাৎসরিক মেরামত বরাদ্ধ, ঠিকাদারের সঙ্গে আঁতাত করে নিম্নমানের কাজ করিয়েছেন। সাথে পুরোনো বেঞ্চ, ফ্যান ও অন্যান্য সামগ্রী বিক্রি ও একটি স্পিকার সেটও আত্মসাৎ করেছেন। এ নিয়ে প্রতিবাদের পর ফ্যানগুলো লাগিয়েছেন। সরকারি বরাদ্দসহ বিভিন্ন খাতে স্বচ্ছতার অভাব রয়েছে।
বিদ্যালয়ের জমিদাতা, প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম পাটোয়ারী বলেন, অনিয়মের বিষয়ে উপজেলা ও জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে কোন প্রতিকার মেলেনি। স্কুলের ফলাফল উন্নত করতে নিয়মিত অভিভাবক বা কমিটির মিটিং কখনই করেননি। সহকারী প্রশিক্ষণ কর্মকর্তার (এটিও) সহযোগী থাকায় কোন নিয়মের তোয়াক্কা করেন না।
এ নিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শাহানাজ বেগম শিল্পী অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, এসব মিথ্যা অপপ্রচার। এখানে নিরাপত্তা প্রহরী না থাকায় ফ্যান ও মোটর বাসায় রেখেছিলাম। পরে আবারও স্থাপন করেছি।
এ নিয়ে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তার (এটিও) মোছা: মরিয়ম নেছার মতামত জানার জন্য একাধিকবার তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এসএন/