টেকনাফের নাফনদী সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ৬৪ বিজিবি সদস্যরা তিন কোটি ৬০ লাখ টাকা মূল্যের এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তি বালুখালী ক্যাম্প-১১ এর বাসিন্দা মীর আহমদের ছেলে মো. নুরুল আমিন (২৪)।
৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল সীমান্তে হাজির ঘের এলাকায় অভিযান চালায়।
এসময় মায়ানমারের দিক থেকে নাফনদী পেরিয়ে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়। পরে তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন বলেন, মাদক সরবরাহকারী ও তাদের সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ায় টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে। তাদের এসব অভিযানে টেকনাফ ও উখিয়ার স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।
শাহীন/মাহফুজ