আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরের উলপুর গ্রামীণ ব্যাংক শাখায় বেশ কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এই হামলায় গ্রামীণ ব্যাংক উলপুর শাখার কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে হামলার এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় ২টি পেট্রোল বোমা বিস্ফরিত হলেও ৩টি অক্ষত থেকে যায়। তবে এতে ব্যাংকটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংকটির ফিল্ড অফিসার নাগর আলী বলেন, একটি কালো মাইক্রোবাসে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে অফিস লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তি তাদের ধাওয়া দিলে তার দিকে লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে নিরাপত্তা কর্মীর কিছু না হলেও ভবনের হল ছাদে আগুন ধরে যায়।
এ ছাড়া রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বেশ কয়েকটি এলাকায় গাছে কেটে রাস্তায় যান চলাচল ব্যাহত করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জেলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে ।গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপালগঞ্জ মো. শাহ আলম বলেন, কালো মাইক্রোবাসে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে উলপুর গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ করে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন। গোপালগঞ্জ জেলা সদরের আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।
বাদল সাহা/সুমন/