কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম (৫০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়েছেন লালন মন্ডল (৪৫) নামে আরও একজন।
আজ শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মন্ডল দোকানে কেনাকাটা করছিলেন। এসময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ খুব কাছ থেকে তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হন লালন।
রেফাজুল রায়টা নতুনপাড়া এলাকার জামাত মন্ডলের ছেলে এবং লালন ইসলাম একই এলাকার কালু মাঝির ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার জানান, রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম নামে একব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন লালন ইসলাম নামে আরও একজন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হচ্ছে। তবে কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের চিহ্নিতে অভিযান অব্যাহত রয়েছে।
মিলন/মাহফুজ