নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার রুমে বিস্ফোরণে কয়লা ছিটকে অন্তত ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাত সাড়ে ৯টার ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিস জানায়, ওই শ্রমিকরা সিমেন্ট কারখানার বয়লার রুমে কাজ করার সময় চুল্লিতে কয়লা দিতে গেলে বিস্ফোরণ ঘটে। এসময় উত্তপ্ত কয়লা ছিটকে ছয় শ্রমিক আহত হন।
তবে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলেন উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। তিনি জানান, দগ্ধ ছয়জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্ন ইন্সটিটিউটে চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে ফেনী জেলার বাসিন্দা নাহিদ ইসলামের ৪০ শতাংশ, নারায়ণগঞ্জের আতিকুর রহমানের ২৭ শতাংশ, পাবনা জেলার কামরুল হাসানের ২৬ শতাংশ ও নোয়াখালীর তাজুল ইসলামের ১২ শতাংশ, কুষ্টিয়ার তোরাব আলীর ১৬ শতাংশ এবং জামালপুরের ফেরদৌস ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
তাদেরকে হাসপাতালের আলাদা ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসক।
বিল্লাল/মাহফুজ