বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেনম গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, যে কয়েকটি দল পিআর পদ্ধতির কথা বলেছিল তারা এখন আর সে কথা বলে না। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় আমি জেলখানায় বন্দি ছিলাম, আমার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমেদকে আমার চাইতে বেশি ভোট দিয়ে আপনারা বিজয়ী করেছিলেন। তার জন্য আমি এবং আমার পরিবার আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ। গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে, আমরা মুক্ত হয়েছি, আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি কিন্তু প্রয়োগ করতে পারি নাই। ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে।
এদেশে গণতন্ত্রের মার্কা ধানের শীষ, গণতন্ত্রের দল বিএনপি, গণতন্ত্রের ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া। তিনি আজ অসুস্থ। তাকে জেলখানায় আটকে রাখা হয়েছিল কিন্তু আপোষ করেনি। তিনি এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং লড়াই সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনী পথসভায় বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনা সরকার অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছিলেন। তিনি সুচিকিৎসা পাননি, তাকে স্লো পয়েজনিং করা হয়েছিল। আজ আমাদের রক্তদানের ফসল, ত্যাগের ফসল হচ্ছে আজকের এই পথসভা।
গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। গণতন্ত্রের বিকল্প নাম ধানের শীষ। আমাদের পক্ষ থেকে সবাই মানুষের বাড়ি,বাড়ি গিয়ে সালাম পৌঁছে দিবেন। ধানের শীষের জন্য ভোট চাইবেন। আমি অনেক পুরাতন মানুষ দীর্ঘ ৩৫ বছর ধরে ভোট করছি। সবাই আমাকে ছিনেন।
মহেশখালী মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের উদ্যোগ আমরাই নিয়েছিলাম। মহেশখালী বন্দর হলে, নগর হবে এই চকরিয়া। চট্টগ্রামের বন্দর আমাদের এই বন্দরের তুলনায় অর্ধেক হবে। সেটা বন্দর, এটি গভীর সমুদ্র বন্দর। আমি সেই স্বপ্ন দেখিনা, যে স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না। মানুষ বিশ্বাস করে আগামী দিনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে। আর সরকার গঠন করলে অবশ্যই কক্সবাজারের উন্নয়ন অগ্রাধিকারে থাকবে।
সালাউদ্দিন আহমেদ বলেন, দুনিয়াদারির জন্য দ্বীনকে বিক্রি করে দেওয়া নাজায়েজ। আমরা শেষ নবী হযরত মুহাম্মদ (স.) এর অনুসারী। ইসলামের কোথাও লিখা নেই অমুক মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা ঠিক নয়। এই দুনিয়াতে বেহেশতে যাওয়ার সুসংবাদ পেয়েছিলেন ১০ জন। গণতন্ত্রে ভোটের জন্য অনেক কথা বলতে পারেন। কিন্তু মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ঠিক নয়। বহু বছর পরে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই সবাইকে সালাম দিতে এসেছি, দোয়া চাইতে এসেছি এবং ধানের শীষে ভোট চাইতে এসেছি। এখানেই নির্বাচন করব, ইনশাআল্লাহ। দল যদি অন্য চিন্তা করে তবে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। আমি যেখানেই থাকি সবার আগে চকরিয়া-পেকুয়ায় হবে আমার মূল ঠিকানা।
উক্ত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ অ্যাডভোকেট হাসিনা আহমদসহ আরও বহু নেতাকর্মী।
রাজু/মাহফুজ