টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে নাফ নদীর মোহনায় ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় এমভি মায়ের দোয়া নামের একটি যাত্রীবাহী বোট টেকনাফের কায়ুকখালী বোটঘাট থেকে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করে। পরে দুপুর ১২টায় বোটটি টেকনাফের শাহপরীসংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। এ সময় কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল সমুদ্রে ভাসতে থাকা যাত্রীবাহী বোটটি দেখতে পায় এবং বিকল হওয়া বোটসহ ৪৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।
পরে উদ্ধার করা যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।