কুষ্টিয়ার দৌলতপুরে রফিকুল ইসলাম রফিক (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একই ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। তাদেরকে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত রফিক ইসলাম ওই গ্রামের মতআলী মণ্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন রফিকুল ইসলাম। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে রফিককে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে রফিকের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা হত্যাকারীদের ধাওয়া দিলে তারা এলোপাতাড়ি আরও কয়েক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এলোপাতাড়ি গুলিতে রবজেল ফরাজী এবং ইউসুফ নামের আরো দুজন গুলিবিদ্ধ হন।
আহত রবজেল ফরাজি বলেন, সন্ধ্যার পর নিজ রাইস মিলে কাজ করছিলেন তিনি। হঠাৎ গুলির শব্দ এবং চিৎকার শুনতে পেয়ে বাইরে এসে তিন/চারজন ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেন। এ সময় রফজেল চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে
পালিয়ে যায়। এ সময় তার পাশে থাকা ইউসুফ আলী নামের আরেক স্থানীয় ব্যবসায়ীর পায়েও গুলি লাগে। পরে তারা জানতে পারেন বাজারের রফিকুল ইসলাম নামের আরেক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, বিষয়টি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের শনাক্তসহ তাদের আটক করতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।
মিলন/নাঈম