চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট এবং বুইস্যা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে চট্টগ্রাম মহানগরী চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যার নিজ বাড়ি ভোলা জেলায়। সে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানধীন পশ্চিম ষোলশহর এলাকা বসবাস করতো।
রবিবার (২১ ডিসেম্বর) বিকালে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে নগরের চান্দগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকায় থেকে শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যাবসা, ইয়াবা ও মাদক কারবারসহ কিশোর গ্যাং দ্বারা আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি করে আসছে সে। তার চাঁদাবাজিতে কেউ বাধা দিলে সে তার নিজস্ব গ্রুপের সন্ত্রাস দ্বারা জোরপূর্বক অপহরণ করে বহদ্দারহাট কাঁচাবাজার দিগন্ত খাজা টাওয়ার এলাকায় নিজস্ব আস্তানায় 'টর্চার সেল' নিয়ে নির্যাতন করে এবং সেখানে তার একটি গোপন নেটওয়ার্ক রয়েছে যার মাধ্যমে সে আগেই আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে যায়।
পাশাপাশি তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও, পাঁচলাইশ এবং চকবাজার থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা এবং মাদক সংক্রান্তে ৪২টি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএন/