মেহেরপুর সদরে নিখোঁজের ৮ দিন পর টগর খাতুনের (৪২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার কেশবপাড়ার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃত টগর একই উপজেলার উজলপুর গ্রামের সেন্টু রহমানের স্ত্রী। এই দম্পতির দুটি পুত্র সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, কেশবপাড়া গ্রামের একটি বাগানে অজ্ঞাত নারীর মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বামী সেন্টু ঘটনাস্থলে এসে মরদেহটি তার স্ত্রীর বলে শনাক্ত করেন।
নিহতের স্বামী সেন্টু রহমান বলেন, আটদিন আগে তার স্ত্রী টগর খাতুন বাড়ি থেকে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে বের হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনা তিনি মেহেরপুর সদর থানাকে ইতোপূর্বে জানিয়েছেন বলে দাবি করেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
তারেক হোসেন/সুমন/