চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. শাহজালাল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। হতাহতরা অটোরিকশার যাত্রী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে তরপুরচন্ডি স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার সকালে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
নিহত শাহজালাল হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত শাহ আলমের ছেলে।
আহত যাত্রী মো. মমিন (১৯) একই এলাকার কুদ্দুসের ছেলে। অপর আহত যাত্রীর নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রাতে অটোরিকশায় শাহজালালসহ যাত্রীরা শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টে গেলে যাত্রীরা গুরুতর আহত হন।
সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, স্থানীয়দের সহযোগিতায় আহত তিন যাত্রীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মমিন হাসপাতালে চিকিৎসাধীন। শাহজালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় মারা যায়। অপর আহত ব্যাক্তিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, নিহত যুুবকের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, পিকআপভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। আইনি ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
ফয়েজ/অমিয়/