বিয়ের কথা বলে বরগুনা জেলা থেকে হৃদয় (২৬) নামে এক যুবককে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ডেকে এনে জোরপূর্বক বিষ খাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণী ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে খুঁজছে থানা পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে জরুরি সেবার হটলাইন নাম্বার ৯৯৯ এর সূত্র ধরে সাতকানিয়া রেলওয়ে স্টেশন থেকে হৃদয়কে উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করান।
হৃদয়ের ভাষ্য মতে, তার বাড়ি বরগুনা জেলার সদর উপজেলার আয়লা গ্রামে। তার পিতার নাম কুতুব উদ্দিন।
হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় স্থানীয় কয়েকজন সংবাদকর্মীকে হৃদয় বলেন, মোবাইল ফোনের মাধ্যমে দেওদিঘী এলাকার সাবরিনা নামে এক তরুণীর সঙ্গে আমার সম্পর্ক হয়। আমি গার্মেন্টসের সুপারভাইজার হিসেবে কাজ করি। গত শনিবার (২৪ জানুয়ারি) সে আমাকে বিয়ে করার কথা বলে তার বাড়িতে ডেকে আনেন। আমি এই দুইদিন সেখানেই ছিলাম। কিন্তু আজকে দুপুরের আগে হঠাৎ করে তিনজন ছেলে আমাকে একটি গাড়িতে তুলে জোরপূর্বক বিষ খাইয়ে দেন। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। এরপর কী হয়েছে আমার আর কিছুই মনে পড়ছে না।
সাতকানিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন খবরের কাগজকে বলেন, ৯৯৯ এর সূত্র ধরে সাতকানিয়া রেলওয়ে স্টেশন থেকে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। এরপর আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করায়। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আমাদের হেফাজতে রয়েছেন। বিষক্রিয়ার কারণে তিনি পুরোপুরিভাবে কথা বলতে পারছেন না। তিনি সুস্থ হলে তার সঙ্গে কথা বলে ওই তরুণীকে আমরা খুঁজে বের করব। তবে যে ছেলে ৯৯৯ এ কল দিয়েছে ঘটনাস্থলে এসে তাকে আমরা পাইনি।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা খবরের কাগজকে বলেন, ওই যুবকের শারীরিক অবস্থা তেমন ভালো না। তাকে আমরা নিজ দায়িত্বে চিকিৎসার মাধ্যমে সুস্থ করার চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা ওই তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আরিফুল/মাহফুজ