নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের কর্মী ও যুবদল নেতা আশরাফ প্রধানসহ তিনবাড়িতে হামলা ঘটনা ঘটেছে। এসময় বাড়িঘর, গাড়ি ও দোকান-পাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তোলা হয়।
গতকাল শুক্রবার রাতে পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তিনজন আহত হয়েছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ভুক্তভোগী আশরাফ প্রধান।
এদিকে সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান নিরাপত্তা চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। আজ শনিবার দুপুরে প্রতাপের চর এলাকায় তিনি সংবাদ সম্মেলনে হামলার আদ্যপ্রান্ত তুলে ধরেন।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর এলাকায় সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধানের বাড়িতে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের ভাতিজা পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার বেপারী ও স্বপনের নেতৃত্বে মাহাবুব, জুয়েল, হান্নান বেপারী, রিয়ন, রিয়াদ, আবু সাইদ নোমানসহ প্রায় ৭০-৮০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী আশরাফ প্রধান, সমর্থক ইসমাইল, সালাউদ্দিন ও জিয়াউর রহমানের বাড়িতে হামলা করে।
এসময় বাড়িঘরের দরজা, জানালা, আসবাবপত্র ভাঙচুর করে। এক পর্যায়ে দুটি পিকআপভ্যান, একটি মোটর সাইকেল ও সিএনজি ভাঙচুর করা হয়। এছাড়াও পাশ্ববর্তী বউ বাজার এলাকায় জিয়াউর রহমানের দোকানপাট ভাঙচুর করে। এতে প্রায় ৩০-৩৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন আশরাফ প্রধান। হামলার আশরাফ প্রধানের জামাতা আকাশ মিয়া, ভাগিনা লিমন ও ভাড়াটিয়া মিলন আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আশরাফ প্রধান সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করেছেন। ফলে বর্তমান সাংসদ আজহারুল ইসলাম মান্নানের লোকজন তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। তাকে হত্যা করা হতে পারে বলে আশংঙ্কা করছেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের শাসনআমলে তারা এতো নির্যাতিত হননি। তিনি বিএনপি করতে গিয়ে ১৬ বছরে ৩৬টি মামলার আসামি হয়েছেন। ৫ বার জেলে গিয়েছেন। বর্তমানে বিএনপির সাংসদের ভাই, ভাতিজাদের দ্বারা নির্যাতিত হচ্ছেন। রাতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছেন। একদিকে হামলাকারীদের বাধা দিলে অন্যদিকে আরেকদল এসে হামলা করে। দফায় দফায় হামলা করে ভাঙচুরে করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে তিনি এ নির্যাতনের সমাধান চেয়েছেন।
অভিযুক্ত পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তারা উভয় পক্ষই আত্মীয়-স্বজন। নিজেরাই বিষয়টি মিমাংসা করে নেবেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেন, আশরাফ প্রধান একজন সন্ত্রাস ও চাঁদাবাজ। হামলার বিষয়ে আমি কিছুই জানি না।
ইমরান/মাহফুজ