চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ নামক ট্রেনে আগুন লাগার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পাওয়ার কার ও এসি বগি মেরামতের জন্য কারখানায় নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে পূর্ব রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মোস্তাফিজুর রহমান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘পাওয়ার কার’ বগি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পরে তা পাশে থাকা এসি বগিতে ছড়িয়ে পড়ে। তবে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনটিতে ১৭ টি বগি ছিল। এরমধ্যে ২টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ট্রেনের পেছন দিক থেকে ছয় নম্বরে থাকা পাওয়ার কার ইঞ্জিনবগি থেকে। পরে তা এসি বগিতে ছড়িয়ে পড়ে। যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়াতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ঘটনাটি তদন্তে চার জনের কমিটি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট বিএমএ গেইটের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। পরবর্তীতে আগুন পাশের একটি এসি বগিতেও ছড়িয়ে পড়ে। সকাল ৮টার দিকে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ না হলেও চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা কিছুটা দেরি হয়। পাশাপাশি ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনও ১০ মিনিট দেরিতে দুর্ঘটনাস্থল এলাকা পার হয়।
অপরদিকে দুর্ঘটনা কবলিত চট্টলা এক্সপ্রেস ট্রেনটির আগুন নেভানোর পর ক্ষতিগ্রস্থ পাওয়ার কার ও এসি বগিটি মেরামতের জন্য কারখানায় পাঠানো হয়। পাশাপাশি চট্টগ্রাম থেকে নতুন পাওয়ার কার পাঠানোর পর সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।
মাহফুজ/