চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি আ্যগ্রোফার্মসহ পাঁচটি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। পুড়েছে ১০টি গরু, ১৩টি ছাগলসহ পাঁচটি দোকানের সম্পূর্ণ মালামাল।
শুক্রবার (২৭ মার্চ) রাত ১২টা ১৫ মিনিটের দিকে অ্যাগ্রো ফার্মের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।
ফার্ম ও দোকানের সামনে গ্যাসের পাইপলাইন থাকায় স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে সাহস হারিয়ে ফেলে। ফলে দ্রুত আগুন ছড়িয়ে সব পুড়ে ছাই হয়ে যায়।
প্রাণী সম্পদ কর্মকর্তা ও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, তাদের ৩০ লাখ টাকার বেশি মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি এক নাম্বার গেইট সংলগ্ন, রাস্তার উত্তরে গোয়ালিনি ফ্যাক্টরি ও মীর গ্রুপ ফ্যাক্টরির সামনে সড়কের পশ্চিমে রয়েছে মা-বাবার দোয়া ডেইরি অ্যান্ড আ্যগ্রোফার্ম। আরও রয়েছে রুবেল হোসেন, নিখিল দাস, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার ও মো. শুক্কুরের দোকান।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ভস্মীভূত দোকান ও অ্যাগ্রো ফার্মের সামনে রাস্তার ১১ ফুট ওপর দিয়ে পার্শ্ববর্তী তিনটি ফ্যাক্টরিতে কর্ণফুলি গ্যাসের পাইপলাইনে থাকায় আগুনে বিস্ফোরণ আশঙ্কায় আগুন নেভাতে অনেকে শঙ্কায় ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, গ্যাসের পাইপলাইন বিস্ফোরণ হলে পুরো এলাকায় হাজারো বসতি ক্ষতিগ্রস্ত হতো। গ্যাসের পাইপলাইন মাটির নিচে থাকলেও এটি রাস্তার পাশে ১২ ফুট উপর দিয়ে ফ্যাক্টরিতে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
অ্যাগ্রো ফার্মের মালিক হাবিবুর রহমান মিন্টু বলেন, ছয় বছর পূর্বে গড়ে তোলা এ ফার্মে আজকের আগুনে ১০টি গরু ও ১৩টি ছাগল পুড়ে গেছে। তিনটি গাভি এক সপ্তাহের মধ্যে বাচ্চা দেওয়ার সম্ভাব্য তারিখ ছিল। আগুনে ভস্মীভূত হয়েছে গরু ছাগলসহ পুরো অ্যাগ্রো ফার্ম। পাশের তিনটি মুদি ও দুটি চায়ের দোকানও পুড়েছে।
তিনি আরও বলেন, এ ফার্মে ব্রাক ব্যাংক থেকে ৯ লাখ ও পদক্ষেপ নামে একটি এনজিও থেকে ৫ লাখ টাকা ঋণ নেওয়া হয়েছে। এখন এ অবস্থায় আমি কী করবে ভেবে পাচ্ছি না।
সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া বলেন, আগুনে ১০টি গরু ও ১৩টি ছাগল পুড়ে গেছে। এতে অ্যাগ্রো ফার্মের ৩০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত চায়ের দোকানদার রুবেল বলেন, দুই মাস আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে ব্যাবসা শুরু করেছি। এখন সব হারিয়ে নি:স্ব হয়েছি। পরিবারের খাবারও জোগাড় করতে কষ্ট হবে।
কুমিরা ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা আহসান আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে জানা যাবে। তবে কয়েকটি গুরু ও ছাগল পুড়ে গেছে।
মুসলেহ উদ্দীন/নাঈম