চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলটির মনোনয়ন পেয়েছেন সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ছিলেন।
নগর জামায়াতের শুরা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বৈঠকে নগর শাখার সদস্যদের মতামতের ভিত্তিতে এবং কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয় বলে নিশ্চিত করেছেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, ‘দলের অভ্যন্তরীণ আলোচনা ও মতামতের ভিত্তিতেই শামসুজ্জামান হেলালীকে মেয়র পদে মনোনীত করা হয়েছে। আসন্ন চসিক নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
দলীয় সূত্রে জানা গেছে, শামসুজ্জামান হেলালী এর আগে চট্টগ্রাম-১০ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। তবে তিনি বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের কাছে পরাজিত হন। শিক্ষাজীবনে স্নাতকোত্তর সম্পন্ন করা হেলালী পেশাগত জীবনের শুরুতে শিক্ষকতা করলেও বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত।
এদিকে মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের নামও আলোচনায় ছিল। পাশাপাশি মহানগর আমির নজরুল ইসলামসহ সাবেক কয়েকজন শিবির নেতার নামও আলোচনায় ছিল।
এ ছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থীদের নামও চূড়ান্ত করেছে দলটি। তবে এ তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।