পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ভেতরে ও কলেজের প্রধান ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার প্রতিবাদ জানাতে ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদল ও ছাত্রশিবির বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে। একই সময় দুই ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করায় আগে থেকেই উত্তেজনার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদল ও ছাত্রশিবির কলেজে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। ধাওয়া ও পাল্টা ধাওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কলেজ গেটের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য নির্মিত ছাউনি ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনা সম্পর্কে জানতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি আসাদুল ইসলামকে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
তবে উপজেলা ছাত্রশিবির সভাপতি সজিব হাসান বলেন, চট্রগ্রাম সিটি কলেজে শিবির ও সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রশিবির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় ঈশ্বরদী সরকারি কলেজ প্রশাসনের অনুমতি সাপেক্ষে ইসলামী ছাত্রশিবির ঈশ্বরদী সরকারি কলেজ শাখা শান্তিপুর্ণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি আহবান করে। ছাত্রদল এটা জানতে পেরে তারাও একই সময় কর্মসূচি দেয়।
তিনি আরও জানান, এ অবস্থায় পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা ছাত্রদলের মিছিল শেষে আমাদের মিছিল করতে বলেন। তাদের কথা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় শান্তিপূর্ণ মিছিল শুরু করলে অতর্কিতভাবে ছাত্রশিবিরের মিছিলে হামলা চালায় ছাত্রদল। তারা ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলিবর্ষণ করে। তাদের হামলায় ৭-৮ জন ছাত্রশিবিরকর্মী আহত হয়েছে। পুলিশের সামনেই ছাত্রদল আমাদের উপর হামলা চালায় বলেও তিনি অভিযোগ করেন।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বলেন, পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি আমরা পালন করছিলাম। হঠাৎ ছাত্রশিবির মিছিল নিয়ে কলেজের দিকে আসে। মিছিলে তারা আমাদের দলের চেয়ারম্যান, প্রধান তারেক রহমান ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে উদ্দেশ্য করে বাজে ¯স্লোগান দেয়। এক পর্যায় তারা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে, গুলিবর্ষণ করে। পরে তারা কলেজ গেটের সামনে কলেজের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের বসার ছাউনি এবং আমাদের নেতৃবৃন্দের ব্যানার, ফেস্টুন ভাঙচুর করে।
ঈশ্বরদী সরকারি কলেজ অধ্যক্ষ মো. আমজাদ হোসেন বলেন, কলেজের বাইরে দুটি ছাত্রসংগঠনের মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে কিছু হয়েছে বলে শুনেছি। এ সময় কলেজে স্বাভাবিক পরিবেশ বজায় ছিল। নিয়মিত ক্লাস, পরীক্ষা সবকিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, ছাত্রদল-ছাত্রশিবিরের কর্মসূচি ঘিরে কলেজ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে সেখানো পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর হোসেন/অন্তরা