নারায়ণগঞ্জের সোনারগাঁয় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জামপুর ইউনিয়নের তালতাল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করেন জামপুর ইউনিয়নের সর্ব সাধারণ। মানববন্ধনে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. গিয়াসউদ্দিন ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, সোনারগাঁ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বার, সদস্য সচিব এম এ মিলন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা।
মানববন্ধনে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সব শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে শুরু হয়ে মদনপুর-আড়াইহাজার সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। সবাই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের চেনেন ও জানেন। এসব মাদক ব্যবসায়ীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। এ ধ্বংসের হাত থেকে পরিবার থেকে শুরু করে সমাজকে রক্ষা করতে হবে।
ইমরান হোসেন/নাঈম