গোপালগঞ্জে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং জনগনের জন্য দোয়া চেয়ে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।
এ ঈদের জামাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ রাজনৈতিক দলের নেতা, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদগাহে নারীদের ঈদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা ছিল।
ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদরাসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন মসজিদে এবং সুবিধামতো সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান বলেন, সবাইকে নিয়ে আনন্দ উদযাপন করাই হলো ঈদ। সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করলাম। ত্যাগের মহিমায় সবাইকে নিয়ে একটি সুন্দর গোপালগঞ্জ গড়ে তোলা হবে। সেই সঙ্গে আমরা মুসলিম বিশ্বের জন্য দোয়া করেছি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। ত্যাগের মহিমায় কোনো জাতিভেদ করা যাবে না।
সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, আগামী দিনে আমরা গোপালগঞ্জকে একটি সমৃদ্ধ জেলা হিসাবে গড়তে চাই। যেখানে কোনো হানাহানি, সন্ত্রাসী, চাঁদাবাজি থাকবে না।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছি যে, এই দেশকে যেন উন্নতি করে, সমৃদ্ধ করে এবং আমরা সবাই যেন দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এই দেশের উন্নতি করতে পারি।
বাদল সাহা/অমিয়/