ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী মো. মোকরামিন হাসান রাফির (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গৌরীপুর উপজেলায় নদীর বয়রা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
রাফি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, বুধবার বিকেল তিনটার দিকে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান রাফি। একপর্যায়ে তারা বেশি পানিতে চলে যান। এ সময় ধীরে ধীরে দুই বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও রাফি স্রোতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
কামরুজ্জামান/তামান্না রুপা/