মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর থানাধীন পান্তাপাড়া ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবু নাঈম খান (৫৫) মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের কুলপদ্দী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মিনি ট্রাক চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় বড় ট্রাকে থাকা জুয়েল, সজীব, আমিরুল ও লাভলু গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার করে আহত ৪ জনকে মাদারীপুর জেলা হাসপাতালে পাঠান।
মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
আমান/