চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় প্রতিবেশী ও স্বজনদের পিটুনিতে মাদকাসক্ত ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট বাঘাইরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত যুবকের নাম মাহাবুবুল ইসলাম বাবু (২৮)। সে বাঘাইরপাড়া গ্রামের শীষ মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাবু তার মাকে মারধর করেন। এতে বাবুর মা আহত হন। নিজ মাকে মারধর করায় শাসন করতে গিয়ে প্রতিবেশী ও স্বজনদের মারধরে বাবুর মৃত্যু হয়।
নিহতের মা হেনা বেগম বলেন, সকালে আমি আম কাটছিলাম বাবু টাকা চেয়ে না পেয়ে আমাকে আম দিয়ে আঘাত করে। এ সময় আমার স্বামী বাবুকে শাসন করতে গেলে তাকেও মারধর করে। পরে তাদেরকে ছুটাতে গেলে আমাকে ইট দিয়ে মেরে আহত করে। ছেলেকে শাসন করার জন্য স্বজনদের বললে এ সময় স্বজনরা বাবুকে শাসন করার জন্য মারধর করলে রাতে আমার ছেলে মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নিহত বাবু মাদক কেনার জন্য তার মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে নিজ মাকে মারধর করে। বাবুর ইটের আঘাতে মায়ের গাল ও কানে আঘাত পায়। এ ঘটনার পর রাত সাড়ে আটটার দিকে বাবু বাড়ি ফিরে আসলে তার স্বজন ও প্রতিবেশীরা শাসনের উদ্দেশ্যে বেঁধে পিটায়। এতে ঘটনাস্থলে বাবু মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আসাদুল্লাহ/মেহেদী/