রাজশাহীর দুর্গাপুরে জমি-জমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ওয়াজেদ আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম (৩৮) ও ছেলে মাসুম আলী (২৮) আহত হয়েছেন।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ওয়াজেদ আলী ওই গ্রামের দলিম উদ্দিনের ছেলে। তিনি হাসিবুর নামে এক ব্যক্তিকে হত্যা মামলার আসামি ছিলেন। দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওয়াজেদ আলী স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে নিজেদের পানের বরজে কাজ করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে একই গ্রামের একরামুল (৩৬), ফয়সাল (২০), এমদাদুল (৪৫), হান্নান (৫০), মান্নান (৫৫) সহ ১০-১৫ জনের একটি দল লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান।
হামলায় ওয়াজেদ আলীর মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। তার স্ত্রী ও ছেলেও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।