গাজীপুরের কোনাবাড়ীতে ফ্ল্যাটে ঢুকে রহিমা (৩৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা ও তারা স্বামী ইমরানকে (৩৯) গলাকেটে হত্যাচেষ্টার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন গাজীপুর র্যাব- ১। এর আগে শনিবার রাতে গাজীপুর র্যাব- ১ ও র্যাব- ৬ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হতে পারিনি আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার দুই যুবক কুড়িগ্রাম জেলার উলিপুর থানার আইনুল ইসলাম বুলেট (২২) ও বাগেরহাট জেলার কচুয়া থানার রাজিব হোসেন (২০)।
র্যাব জানায়, কোনাবাড়ী থানাধীন বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকায় জহিরুল ইসলামের আবাসিক ভবনের ৫ম তলায় বসবাস করতেন ইমরান ও রহিমা। গত শুক্রবার (১৪ নভেম্বর) রাতের কোনো এক সময় তাদের রুমে গিয়ে দুজনের গলা কেটে পালিয়ে যান বুলেট ও রাজিব। পরদিন সকালে ফ্ল্যাটের প্রতিবেশীরা ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে দেখতে পান স্বামী-স্ত্রীর রক্তমাখা দেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ গৃহবধূ রহিমাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় স্বামী ইমরানের শরীরে স্পন্দন টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় প্রথমদিকে পুলিশ ও স্থানীয়দের ধারণা ছিল তারা নিজেরাই কোনো দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে নিহতের ভাই রহিম মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা করলে ওইদিন রাতেই তদন্তে নামে র্যাব। এ সময় বিভিন্ন মাধ্যমের দেওয়া খবরে উঠে আসে হত্যার আসল তথ্য। পরে যৌথ অভিযান চালিয়ে নরসিংদীর মাধবদী ও বাগেরহাট জেলার কচুয়া থানাধীন দেপাড়াবাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আইনুল ইসলাম বুলেট ও রাজিবকে গ্রেপ্তার করা হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
পলাশ/মেহেদী/