নরসিংদীর রায়পুরা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রফিক ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চরমধুয়া ইউনিয়নের বর্তমান ইউপি সদস্যের স্বামী।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে শমিবাদ বাজার এলাকায় একটি সভা শেষে বাড়ি ফিরছিলেন রফিক। রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাকে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রাত ১১টার দিকে হত্যাকাণ্ডে নয়ন নামের একজন জড়িত থাকার সন্দেহে তার বাড়িতে আগুন দেয় নিহতের স্বজনরা। কী কারনে এই হত্যাকাণ্ড এবং কারা ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানা যায়নি।
তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে বলে জানায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান।
তিনি জানান নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন তিনি।
ওসি আরও জানান, আধিপত্য বিস্তার বা ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শাওন খন্দকার/অমিয়/