নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ প্রতিবেশীর বাড়ির ছাদে পাওয়া গেছে।
রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার চরমরজাল গ্রামের ইদ্রিস মিয়ার বাড়ির ছাদ থেকে শিশু আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে দিকে চরমরজাল গ্রামের ইদ্রিস মিয়ার একতলা বাড়ির ছাদে আব্দুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। পরে পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আব্দুর রহমান একই এলাকার প্রবাসী শুকুর আলী ও সুমি আক্তারের ছেলে।
পরিবারের দাবি, গতকাল শনিবার কোনো এক সময় বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের পর থেকে পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে শিশুটির কোনো সন্ধান পায়নি। পরে আজ সকালে ইদ্রিস মিয়ার বাড়ির ছাদে তার মরদেহ পড়ে থাকতে দেখে।
রায়পুরা থানার ওসি খবরের কাগজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। আমরা ক্রাইম সিন টিমকে খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
শাওন খন্দকার/অমিয়/