ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী কামাল্লা এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলগাজী উপজেলার কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে দিলে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে হাসপাতলের মর্গে পাঠায়।
ফেনীর সহকারী পুলিশ সুপার নিশাদ তাবাসসুম বলেন, সীমান্তের প্রায় ১৫০ গজ দূরে একজন ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে অবহিত করা হয়েছে এবং মরদেহের ছবি পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে পিবিআই ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা-১০ বিজির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্তে বাংলাদেশ অভ্যন্তর থেকে একটি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা পুলিশকে খবর দিয়েছি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। তদন্তের পর তার পরিচয় নিশ্চিত করা হবে।
নিলয়/অন্তরা