সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সালমান শাহ ও আলী হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জালালাবাদ ইউনিয়নের ঘোপাল পশ্চিমপাড়া গাংপার এলাকায় সন্ধ্যায় সালমান আহমেদ কিশোরীকে ডেকে নিয়ে যায় এবং একটি ঘরের মধ্যে ধর্ষণ করেন। এ সময় তার সঙ্গে আলী হোসেন ছিলেন।
ধর্ষণের পর তারা কিশোরীকে মেরে ফেলার প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ সৃষ্টি হলে এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে সন্দেহভাজন দুইজনকে আটক করেন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে আটকদের হেফাজতে নেয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, ধর্ষণের অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। আটকরা এখনো পুলিশ হেফজতে আছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
আমান/