বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চার্জ দ্য অ্যাফেয়ার্স একেএম মহিউদ্দিন কায়েস দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বাহরাইনের ৩০টি স্কুলের ৯০টি চিত্রকর্ম দিয়ে দূতাবাস প্রাঙ্গণে অত্যন্ত সুন্দর একটি প্রদর্শনীর মাধ্যমে দিবসটি পালনে এক অন্য মাত্রা যোগ করে।
এ চিত্রাংকন প্রতিযোগিতায় বিদেশি ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে তারা বাঙালির রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে এবং এ চিত্রপ্রদর্শনীর মাধ্যমে ভাষা আন্দোলনের মহিমা ও তাৎপর্য সবার কাছে আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে।

চার্জ দ্য অ্যাফেয়ার্স কায়েস চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
এর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভাষাশহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
মহিউদ্দিন কায়েস বক্তব্যের শুরুতে ভাষা আন্দোলনে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা তুলে ধরে বলেন, ‘ভাষা আন্দোলন আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জাতিসত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষারও আন্দোলন। ভাষা আন্দোলনের মহিমা ও তাৎপর্য আজ শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের গণ্ডি পেরিয়ে তা আজ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছে এবং সারাবিশ্বে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।’
এ সময় তিনি নতুন প্রজন্মের মাঝে একুশের সুদূরপ্রসারী চেতনাকে ছড়িয়ে দিতে প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি বাংলা ভাষা শেখার প্রতি উৎসাহিত করেন।

এ ছাড়া, তিনি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের অর্থনীতির চাকা সচল রাখার জন্য বৈধ চ্যানেলে রেমিট্যান্স ও দল-মতের বিভেদ ভুলে একযোগে জাতির পিতার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল ‘সোনার বাংলাদেশ’ তথা প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে বাহরাইনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (BSMR)-বাংলাদেশ স্কুল’-এর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তারা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
চার্জ দ্য অ্যাফেয়ার্স সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে উপহার বিতরণ করেন।
পরিশেষে ভাষাশহিদদের পাশাপাশি সব শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে যোগ দেন।
ইসরাত চৈতি/অমিয়/