ফিনল্যান্ড বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় হেলসিঙ্কিতে ফিনল্যান্ড বিএনপির প্রতিনিধি দল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানান।
এ সময় বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় নিয়ে আলোচনা হয়।
এই সাক্ষাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় নিতে ভারত থেকে ফিনল্যান্ডে আসছেন- এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে ভুল বলে অভিহিত করেছেন ফিনিস পররাষ্ট্র মন্ত্রণালয়।
তারা বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ফিনল্যান্ড অবগত। ফিনল্যান্ড কখনো গণতন্ত্র হত্যাকারী এবং মানবতাবাদের বিরোধিতাকারী একনায়ককে সহ্য করে না। তাই ফিনল্যান্ড বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেবে না।
বৈঠকের শুরুতে ফিনল্যান্ড বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা বলেন, অরাজনৈতিক আন্দোলনকে দমন করতে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন সরকার দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে গণহত্যা চালিয়ে সাম্প্রতিক দিনগুলোতে প্রায় সহস্রাধিক নিরীহ মানুষকে হত্যা করেছে। ছাত্র-জনতার ক্ষোভের মুখে অবশেষে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান হাসিনা। তাই কোনো অবস্থাতেই এই গণহত্যাকারী ও স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিনল্যান্ডে আশ্রয় দেওয়া ঠিক হবে না।
তারা বলেন, শেখ হাসিনা যদি এখানে আশ্রয় পান, তা হলে বাংলাদেশে এমনকি গণতান্ত্রিক বিশ্বেও ফিনল্যান্ডের ভাবমূর্তি খর্ব হবে। উপরন্তু, এটি ফিনল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে বিশৃঙ্খলা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করবে।
বৈঠকে অংশ নেন ফিনল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিউম্যান রাইটস অ্যাম্বাসেডর টিনা জোর্তিক্কা-লাইতিনেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (হিউম্যান রাইটস) এসকো মান্নিসতো, মিনিস্ট্রি ফর ফরেন অ্যাফেয়ার্সের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) আন্না কোক্কোসহ মন্ত্রণালয়ের শীর্ষ আরও দুই কর্মকর্তা।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, সাধারণ সম্পাদক জামান সরকার, সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক গাজী সামছুল আলম, দলের প্রধান উপদেষ্টা আবদুর রশিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসলাম ফকির লিটন।
অমিয়/