বাহরাইনের মানামায় বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) এ উপলক্ষে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরার জন্য দূতাবাসের হল রুম, আঙিনা, প্রবেশদ্বার বর্ণিল রং, রঙিন কাগজ, বেলুন, ফেস্টুন, পোস্টার, ফুল, নকশিকাঁথা ইত্যাদি দিয়ে সাজানো হয়।
অনুষ্ঠানে সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি-সাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী, বাংলাদেশ স্কুলের শিক্ষার্থী ও গণ্যমাণ্য ব্যক্তি এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী রঙিন পোষাক, তাদের আবেগ, ভালবাসা ও হৈ-হুল্লোড়ে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
এ ছাড়া অনুষ্ঠানে দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে পাঁচটি স্টল বসানো হয়। যেখানে অতিথিদের জন্য বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী দেশীয় পিঠা, পায়েস, চটপটিসহ বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য দূতাবাস প্রাঙ্গণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ সময় তিনি ‘বাংলা নববর্ষ’ উদযাপন উপলক্ষ্যে যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানান।
নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, কৃষ্টি-কালচার ও ঐতিহ্যকে পরিচয় করানোর জন্য এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, “যারা আজকের এই ‘বাংলা নববর্ষ’ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অনেকই হয়তো দীর্ঘ দিন ধরে বাহরাইনে বসবাস করছেন। এ দেশের ঐতিহ্য, সংস্কৃতি, সামাজিক জীবনব্যবস্থা সর্ম্পকে অবগত আছেন। বাহরাইনের সমাজ ও সভ্যতাকে সম্মান করে এ দেশের মানুষের সঙ্গে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে হবে। পাশাপাশি বাহরাইনের আইন- কানুনের প্রতিও সব প্রবাসীকে শ্রদ্ধাশীল হতে হবে। বিদেশের মাটিতে যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিশু-কিশোর ও প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এতে শিল্পীরা দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, লোকগীতিসহ কবিতা, বক্তৃতা, নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদেরকে বিমোহিত করে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দূতাবাসের পক্ষ থেকে অতিথিদেরকে পিঠা, পায়েস, মিষ্টি ও দেশীয় খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়। প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে দূতাবাসে উপস্থিত হন।
বিজ্ঞপ্তি/পপি/