জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। সম্প্রতি তার পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়া’ রিলিজ পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। রাফী পরিচালিত সর্বশেষ সিনেমা ‘তুফান’ ব্লকবাস্টার হিট হয়েছে। এতে অভিনয় করেছেন শাকিব খান, নাবিলা এবং কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী।
এবার রাফীর নির্মাণ করবেন নতুন সিনেমা। আর এই সিনেমায় অভিনয় করবেন কলকাতার সুপারস্টার নায়ক জিৎ। এতে বাংলাদেশ থেকে থাকছেন শরিফুল রাজও। সিনেমার নাম ‘লায়ন’। যৌথ প্রযোজনার এই সিনেমা সম্পর্কে নির্মাতা নিজেই। সিনেমাটি প্রসঙ্গে রাফী গণমাধ্যমকে বলেন, ‘আমার পরের সিনেমা, অর্থাৎ আসছে রোজার ঈদের জন্য নির্মাণ করছি ‘লায়ন’। নায়ক থাকছেন দুজন। একজন টলিউডের জিৎ, অন্যজন ঢালিউডের রাজ। বাকি সব গুঞ্জন।’
রাফী আরও জানান, ‘লায়ন’ সিনেমায় জিৎ-রাজ দুজনেই সমান্তরাল নায়করূপে থাকছেন। দুই নায়ক দুই ইন্ডাস্ট্রির হলেও নায়িকারা থাকছেন ঢালিউড থেকেই। সেটিও শিগগিরই জানান দেবেন তিনি। আগামী ডিসেম্বরে এই ছবির শুটিং শুরু হবে। জানা গেছে, এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে রাফীর বেশ প্রশংসা করেছেন জিৎ। তিনি বলেন, ‘রায়হান রাফী, শ্যাম সুন্দরদের সঙ্গে এই কাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমাদের তিনজনের লক্ষ্য একটা ভালো ছবি বানানো। রাফীর ছবি আমি দেখেছি। একজন প্রতিভাবান পরিচালক। এই গল্পটাকে রাফী যেভাবে লিখেছেন, তাতে ছবিটা খুব ইন্টারেস্টিং হবে। আমরা চেষ্টা করছি, সামনের ঈদে যাতে ছবিটা দর্শকের সামনে আসে।’
জাহ্নবী