ক্রিকেট মাঠে নিজের দল নিয়ে এবার হাজির হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। আসন্ন বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) দল কিনেছেন তিনি। শাকিবের দলের নাম ‘ঢাকা ক্যাপিটালস’। তবে শাকিবকে সামনে রেখে এই দলের পেছনে আছে রিমার্ক-হারল্যান। এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এ নায়ক।
গত ২ অক্টোবর সন্ধ্যায় গুলশানে রিমার্ক-হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ আরও অনেকে।
এ সময় শাকিব খান বলেন, ‘আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ-বিদেশ থেকে ভালোবাসার অনেক মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা সাড়া দিয়েছেন, যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। আপনাদের সবার সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস খেলার মাঠে অর্জন করবে কাঙ্ক্ষিত সাফল্য।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকারাও বিভিন্ন দল নিয়ে মাঠে হাজির হন। সেই ধারাবাহিকতায় আসন্ন ১১তম বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান। বাংলাদেশে চলচ্চিত্রের শাকিবই প্রথম বিপিএলের কোনো দল কিনেছেন।
জাহ্নবী