বাংলা গানের জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। চলতি বছর ৩১ মে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন তিনি। চার মাস পর আবারও চিকিৎসার জন্য গত ২ অক্টোবর সিঙ্গাপুরে গেছেন নন্দিত এই গায়িকা। চিকিৎসা শেষে আগামী ১০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার। এমনটি জানিয়েছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘আপা এখন অনেকটাই সুস্থ। ফিরতে চান গানে। তবে এখনই গান গাইতে পারবেন কি না তা জানতে এবং চেকআপ করাতে সিঙ্গাপুর গিয়েছেন। চেকআপের পর সব কিছু ঠিক থাকলে ১০ অক্টোবর বাংলাদেশে ফিরবেন তিনি। আমি যেমন আপার নিয়মিত খোঁজ-খবর নিই, তিনিও আমার খোঁজ রাখেন। চার দিন আগেই আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। শারীরিক অবস্থা জানিয়েছেন। শুধু তাই নয়, আমার জন্য বেশ কয়েকটি শাড়িও পাঠিয়েছেন তিনি। ছোট বোনের মতো স্নেহ করেন বলেই আমাকে উপহার দিতে ভালোবাসেন।’
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম ক্যানসার ধরা পড়ে সাবিনা ইয়াসমিনের। তখনো সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন তিনি। ক্যানসার জয় করে এক বছর পরেই গানে ফেরেন এই গায়িকা। তবে ১৭ বছর পর আবারও ক্যানসারে আক্রান্ত হন তিনি। চলতি বছর ২৪ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুরে যান তিনি।
সাবিনা ইয়াসমিন ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। গানে অসামান্য অবদান রাখার কারণে ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার অর্জন করেন। ১৯৮৪ সালে তিনি দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক পেয়েছেন।
/আবরার জাহিন