বলিউড ও পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। সারা বিশ্বেই তার অগণিত ভক্ত-অনুরাগী রয়েছে। বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। এর আগেও ঢাকায় এসে গানে গানে দর্শক মাতিয়ে গেছেন তিনি। আবারও ঢাকা মাতাতে বাংলাদেশে আসছেন নন্দিত এই গায়ক।
আগামী ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের কনসার্টে গাইবেন এই সংগীততারকা।
বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
সম্প্রতি আতিফ আসলামের একটি গানের মিউজিক শেয়ার করে অফিশিয়াল ফেসবুকে কনসার্টের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠানটি। এ ছাড়া ১৬ অক্টোবর এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশে আসার কথা জানিয়েছেন আতিফ আসলাম নিজেও। আতিফ লিখেছেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’
জানা গেছে, ম্যাজিকাল নাইটে আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের তাহসান খান। আয়োজক প্রতিষ্ঠানের ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে তাহসানের অংশ নেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। এ কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড কাকতাল।
আগামী ২৯ নভেম্বর বিকেল ৫টায় শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। শিগগির অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। টিকিট টুমরো ওয়েবসাইটে পাওয়া যাবে।
হাসান