তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বেশ কয়েক বছর ধরেই ‘ইউনিফেসফ’-এর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা। এরপর থেকে ‘ইউনিসেফ’র নানা সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন তিনি। এবার শিশুদের সুস্বাস্থ্য কামনায় ‘ইউনিসেফ’র হয়ে কাজ করছেন এই অভিনেত্রী।
মিম ‘ইউনিসেফ বাংলাদেশ’-পেজ এ শিশুদের সুস্থতা প্রসঙ্গে বলেন, ‘যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কী? একটাই সঠিক উত্তর আসবে আর তা হলো- শারীরিক সুস্থতা। আমার খুব মনে পড়ে, ছোটবেলায় বাবার চাকরির সুবাদে দেশের নানা অঞ্চলে বাবার পোস্টিং হয়েছে। সেই সাথে আমাদেরকেও বাবার সঙ্গী হতে হয়েছে। কিন্তু তার পরও বাবা-মা যে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছেন সেটা হলো- আমার সুস্থ থাকা। আর সেটা সম্ভব হয়েছে সময়মতো সবগুলো টিকা নেওয়ার কারণে। টিকা নেওয়া প্রত্যেকেরই একটি স্বাস্থ্য সুরক্ষার ঢাল হিসেবে কাজ করে। যাতে সংক্রামক রোগ অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে। টিকা বিভিন্ন রোগপ্রতিরোধ করতে এবং মানুষের জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করে।
তবে এটাও সত্যি যে, এখনো প্রায় ১৬ শতাংশ শিশু সময়মতো টিকা পায় না। বিশেষ করে দেশের চর, হাওড় ও পাহাড়িয়া দুর্গম এলাকার মানুষসহ বস্তি এলাকা, ভাসমান এলাকার শিশুদের টিকা নেওয়ার হার কম। দেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি শিশুর কাছে যেন সময়মতো সবগুলো টিকা পৌঁছায় এ জন্য কর্মসূচিকে অগ্রাধিকার দিতে হবে। যাতে পরবর্তী প্রজন্ম সুস্থ থাকতে পারে। কারণ সব শিশুর সুস্বাস্থ্যটাই প্রত্যাশা।’
১৬ শতাংশ শিশু যেন টিকা সময়মতো পায়, এ জন্য ‘ইউনিসেফ’র ফান্ড রাইজিংয়ের জন্যও বিশেষভাবে আহ্বান জানিয়েছেন এই নায়িকা।
হাসান