জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেতের জন্মদিন আজ। বরিশালের মাটিতে ১৯৫৮ সালের এই দিনে জন্ম নেন একুশে পদক খ্যাতিমান এই উপস্থাপক। আজ ৬৫ পেরিয়ে ৬৬ বছরে পদার্পণ করেছেন তিনি।
তার উপস্থাপনা শৈলী দিয়ে দেশের মানুষের মনে গভীর ছাপ রেখেছেন। তিনি নব্বই দশক থেকে তিন দশক ধরে কথার জাদুতে দর্শকদের মন জয় করে আসছেন।
হানিফ সংকেত নিজেকে শুধু উপস্থাপক হিসেবেই সীমাবদ্ধ রাখেননি, তিনি একজন পরিচালক, লেখক এবং প্রযোজকও বটে। ১৯৮৯ সালে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক, রচয়িতা ও পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি।
ইত্যাদি অনুষ্ঠানে তিনি হাস্যরস ও সমাজের বিভিন্ন অসংগতিগুলো তুলে ধরেছেন, যা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। তার প্রথম খ্যাতি আসে ‘যদি কিছু মনে না করেন’ অনুষ্ঠানের মাধ্যমে, যা প্রয়াত ফজলে লোহানীর সৃষ্টি।
/আবরার জাহিন