হলিউডের খ্যাতনামা নায়ক ক্রিস হেমসোয়ার্থ। মার্ভেল ইউনিভার্সের জনপ্রিয় ‘থর’ চরিত্রে অভিনয় করে দুনিয়াব্যাপী পরিচিতি পেয়েছেন অস্ট্রেলিয়ান এই অভিনেতা। এবার আবারও নতুন করে আলোচনায় আসলেন তিনি। ডিজনির পরবর্তী সিনেমা ‘প্রিন্স চার্মিং’-এর আইকনিক চরিত্রে অভিনয়ের বিষয়ে আলোচনায় আছেন হেমসোয়ার্থ।
সূত্রের বরাতে জানা যায়, ‘থর’ খ্যাত এই তারকা ডিজনির ‘প্রিন্স চার্মিং’ সিনেমার নাম ভূমিকায় অভিনয়ের জন্য বিবেচনায় আছেন। যদিও সিনেমার প্লট বিবরণী এখনো গোপন রাখা হয়েছে, তবে এটি অ্যানিমেটেড কিংবা লাইভ-অ্যাকশন হবে কি না সেটি নিশ্চিত করা হয়নি। ডিজনি অবশ্য এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
নির্মাতা পল কিং এই ছবিটি পরিচালনা করবেন। সাইমন ফার্নাবি এবং জন ক্রোকারের সঙ্গে কিং প্রজেক্টটির চিত্রনাট্য লিখবেন।
অভিনেতা ক্রিস হেমসোয়ার্থ তার সাম্প্রতিক প্রজেক্টগুলো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি অ্যানিমেটেড ছবি ট্রান্সফরমার্স ওয়ানে অপটিমাস প্রাইমে তার কণ্ঠ দিয়েছেন। এই বছরের শুরুর দিকে ‘ফুরিসা: এ ম্যাড ম্যান সাগা’তে ভিলেন ডিমেন্টাস হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে তিনি আনিয়া টেলর-জয়ের সঙ্গে অভিনয় করেছিলেন। হেমসোয়ার্থ পরবর্তীতে অ্যামাজন এমজিএম স্টুডিওর প্রযোজনায় ‘ক্রাইম ১০১’ সিনেমায় অভিনয় করবেন। ছবিতে আরও অভিনয় করবেন হ্যালি বেরি, ব্যারি কিওগান এবং হেমসোয়ার্থের অ্যাভেঞ্জার্সের সহ-অভিনেতা মার্ক রাফেলো।
‘ক্রাইম ১০১’ সিনেমাটি মূলত ডন উন্সলো’র একটি ছোট গল্পের ওপর ভিত্তি করে নির্মাণ করা হবে। সমুদ্র উপকূলীয় এলাকায় গহনা চুরির ঘটনাকে কেন্দ্র করে সিনেমার গল্প এগিয়ে যাবে। সিনেমায় চোরের ভূমিকায় হেমসোয়ার্থকে দেখা যাবে।
উল্লখ্যে, ‘প্রিন্স চার্মিং’-এর পরিচালক পল কিং তার ‘ওয়ানকা’ সিনেমার মাধ্যমে হলিউডে সারা ফেলে দিয়েছিলেন। সিনেমাটি বিশ্বব্যাপী মোট ৬৩৪ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল।
হাসান