কাজল আরেফিন অমি পরিচালিত সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটির পরপর চারটি সফল সিজন এসেছে। প্রতিটি সিরিজই পেয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা। এরপর থেকেই ভক্ত ও দর্শকদের প্রশ্ন ছিল এই সিরিজের পঞ্চম সিজন কবে আসবে? কিছুদিন থেকে শোনাও যাচ্ছিল আসবে পঞ্চম সিজন।
অবশেষে নির্মাতা অমি জানালেন পঞ্চম সিজন নির্মাণের কথা। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ আসতে চলেছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি। তবে এখনো সবকিছুই পরিকল্পনা পর্যায়ে রয়েছে বলেও জানান এই নির্মাতা।
সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ নির্মাণের ইঙ্গিত দেন অমি।
তার সেই স্ট্যাটাসের সূত্র ধরেই যোগাযোগ করা হলে নির্মাতা জানান, ‘হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট ফাইভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুই এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে কাজ শুরু হয়নি।’
নির্মাতা নিশ্চিত করেছেন ২০২৫ সালেই আবারও পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে পাশা, হাবু, শুভ, কাবিলা, অন্তরাদের গল্প। ২০১৭ সালে শুরু হওয়া এই ধারাবাহিক একে একে ৪টি সিজন নিয়ে আসে। ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪।
হাসান