জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেয়েছে। সিরিজটি ৮ নভেম্বর প্রথম প্রহর থেকে উন্মুক্ত রয়েছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। এই সিরিজে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান।
কিঙ্কর আহসানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন আলোচিত পরিচালক অনম বিশ্বাস। এই নির্মাতা এর আগে বড় পর্দায় ‘দেবী’ ও ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’ নির্মাণ করেছেন।
প্রথম ওয়েব সিরিজ হওয়ায় শুরু থেকেই রোমাঞ্চিত ছিলেন পরী। অভিনয়, চরিত্র ও প্রচার সব কিছু নিয়েই এই অভিনেত্রী একটু বেশিই পরিশ্রম করেছেন।
তার কথায়, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সব সময় স্পেশাল। প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের প্রথম দিন থেকেই বেশ উচ্ছ্বসিত ছিলাম। দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার পালা। আমার বিশ্বাস কাজটি সবার ভালো লাগবে।’
ওয়েব সিরিজটি মুক্তির পর থেকেই দর্শকদের কাছে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন পরীমনি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তার অভিনয়ের প্রশংসা করে পোস্টও দিয়েছেন। দর্শকদের এই ভালোবাসা সাদরে গ্রহণ করে ধন্যবাদ দিয়েছেন এই অভিনেত্রী।
অভিনেতা মোস্তাফিজ নুর ইমরান বলেন, ‘রঙিলা কিতাব-এর জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ দিয়েছি। এখন দর্শকদের প্রতিক্রিয়া শোনার অপেক্ষায় আছি।’
হইচই কর্তৃপক্ষ জানান, তাদের প্ল্যাটফর্মে গত ৮ আগস্ট ‘রঙিলা কিতাব’ মুক্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত ছিল। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সেটা পিছিয়ে ৮ নভেম্বর মুক্তি দেওয়া হলো।
হাসান