জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। বেন অ্যাফ্লেকের সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা। বিয়ের মাত্র দুই বছর পরই বিবাহবিচ্ছেদের আবেদন করে বসেন এই তারকা জুটি। কিন্তু এখন এই বিবাহবিচ্ছেদ প্রেমের মতোই জটিল মনে হচ্ছে তাদের কাছে।
বিচ্ছেদের আবেদন করার মাত্র কয়েক মাস পরই জানা গেছে, জেনিফার লোপেজ নাকি বিষয়গুলো পুনরায় ঠিক করার চেষ্টা করছেন। মার্কার প্রতিবেদন অনুযায়ী, এই অভিনেত্রী আবারও বেন অ্যাফ্লেকের কাছে যাওয়ার জন্য পারিবারিক সময়কে কাজে লাগাচ্ছেন। হিট ওয়ার্ল্ডও একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এমনটাই দাবি করেছে।
মার্কা এই জুটির ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে বলেছে, বেন অ্যাফ্লেক চেষ্টা করছেন নিজেকে জেন (জেনিফার লোপেজ) থেকে দূরে রাখতে, কিন্তু সে এটা হতে দেবে না। একই অনুষ্ঠানে দুজনেই উপস্থিত হচ্ছেন এবং বাচ্চাদের নিয়ে সব ধরনের কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন। এখন লোপেজ তাকে একসঙ্গে ক্রিসমাস উদযাপনের জন্য চাপ দিচ্ছেন, যদিও বেন অ্যাফ্লেক রাজি হচ্ছেন না।
প্রতিবেদন অনুসারে, তাদের সন্তানরা বাবা-মায়ের বিচ্ছেদ কীভাবে মেনে নেবে এটা ভেবে জেনিফার লোপেজও বেশ চিন্তিত। কারণ, তাদের পরিবার ইতোমধ্যেই ঘনিষ্ঠ হয়ে উঠেছে। তবে বেন অ্যাফ্লেক এই পুনর্মিলন নিয়ে এখনো দ্বিধায় আছেন। বেন অ্যাফ্লেক এবং জেনিফার লোপেজ প্রথমবারের মতো ডেটিং শুরু করেন একুশ শতকের শুরুর দিকে। তৎকালীন হলিউডের অন্যতম প্রভাবশালী জুটিতে পরিণত হন তারা। ২০০৫ সালে তারা বাগদান সম্পন্ন করলেও শেষ পর্যন্ত সেটা বাতিল করে আলাদা হয়ে যান। মাঝে দীর্ঘ বিরতির পর ২০২১ সালে এসে পুনরায় ডেট করতে শুরু করেন, যেটি ২০২২ সালে এসে পূর্ণতা পায় বিয়ের মাধ্যমে। কিন্তু মাত্র দুই বছর পরই ২০২৪ সালের আগস্টে বিবাহবিচ্ছেদের আবেদন করেন তারা।
হাসান