বলিউডের খ্যাতনামা পরিচালক আর বাল্কি। পা, প্যাড ম্যানের মত সিনেমা নির্মাণ করে গোটা ভারতজুড়ে খ্যাতি অর্জন করেছেন। সেই নির্মাতাই এবার বলিউডের কয়েকটি ব্লকবাস্টার সিনেমা নিয়ে করলেন চাঞ্চল্যকর মন্তব্য। এই খ্যাতনামা পরিচালকের মতে গত ৪-৫ বছরে বলিউড যে কয়েকটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে তার মধ্যে কয়েকটি ‘অতি বিরক্তিকর’ ছিল।
এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটির সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গুণী এই ভারতীয় পরিচালক বলেন, 'গত চার-পাঁচ বছরে যে কয়েকটি সিনেমা ব্লকবাস্টার হয়েছে, সেগুলো ছিল সবচেয়ে বাজে সিনেমা। এগুলো শুধু যে বুদ্ধিবৃত্তিক বা শৈল্পিক দৃষ্টিকোণ থেকে দূরে ছিল তা ই নয়, পুরোনো দিনের বিনোদন থেকেও এগুলো আলাদা। এসব সিনেমা শুধু মসলা মেশানো আর পয়সা উসুলের অনুভূতিই দিয়েছে। এর বাইরে সেগুলো খুবই বিরক্তিকর ছিল। সিনেমার মজা আমাদের এখান থেকে পুরোপুরি হারিয়ে গেছে।'
তিনি ১৯৭০ সালে মনমোহন দেশাইয়ের নির্মাণ করা ব্লকবাস্টার সিনেমাগুলোর সঙ্গে বর্তমানের ব্লকবাস্টার সিনেমাগুলোর তুলনা করেছেন। এ সময় তিনি প্রয়াত এই নির্মাতার অমর আকবর অ্যান্টনি (১৯৭৭) এবং নসিব (১৯৮১) দেখার কথা স্মরণ করেন।
‘এটি এখন একটি প্রকল্পের মতো হয়ে গেছে যার সাথে আর্থিক বিষয়টি জড়িত। তারা বিষয়টি এখন পুরোপুরি বিপণন ভিত্তিক করে ফেলেছে। তারা দর্শকদের এখন এটাই বিশ্বাস করাতে চায়। এভাবেই সিনেমাগুলো অর্থ উপার্জন করছে’- যোগ করেন বাল্কি।
অমিতাভ বচ্চন এবং টাবু অভিনীত ২০০৭ সালের রোমান্টিক কমেডি ঘরানার ‘চিনি কম’ সিনেমার মধ্য দিয়ে আর বাল্কি বলিউডে অভিষেক করেন। এরপর অমিতাভ, অভিষেক ও বিদ্যা বালানকে নিয়ে পা (২০০৯), অমিতাভ ও ধনুশকে নিয়ে শমিতাভ (২০১৫) সিনেমা উপহার দেন। এরপর কারিনা কাপুর ও অর্জুন কাপুরকে নিয়ে কি এন্ড কা (২০১৬), অক্ষয় কুমারের সাথে প্যাড ম্যান (২০১৮) এবং দুলকার সালমানকে নিয়ে চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট (২০২২) সিনেমা নির্মাণ করেন এই পরিচালক।
উল্লেখ্য, সবশেষ আর বাল্কি অভিষেক বচ্চন ও সাইয়ামি খেরকে নিয়ে 'ঘূমার' তৈরি করেছেন। তবে সিনেমাটি বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি।
হাসান