বাংলাদেশ টেলিভিশনে ১৫ বছর আগে ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আগুন। কিন্তু টানা তিন বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করার পর নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়। এরপর অনুষ্ঠানটি বিটিভিতে আর দেখা যায়নি।
১৫ বছর পর আবার একই অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে আগুন দর্শকের মধ্যে উপস্থিত হতে যাচ্ছেন আগামীকাল বিকেল ৫টা ৩০ মিনিটে বিটিভির পর্দায়। বিষয়টি নিশ্চিত করেছেন আগুন নিজেই। জানালেন ইতোমধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। দুটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ।
এ প্রসঙ্গে আগুন বলেন, ‘আমি একটি কথাই স্পষ্ট করে বলতে চাই তা হলো, শিল্পীদের কাজ বন্ধ করে দেওয়ার যে অপসংস্কৃতিটা প্রচলতি আছে, এটা চিরতরে বন্ধ করে দিতে হবে। একজন শিল্পীর তার কাজের ক্ষেত্র বাধাগ্রস্ত হলে দেশের সংস্কৃতি ধ্বংস হয়। আমরা তা চাই না। তাই প্রত্যেক শিল্পীর কাজ করাটাকে শতভাগ নিশ্চিত করতে হবে। কেউই যেন কোনো কারণে ব্ল্যাকলিস্টেড না হয়। সবাই যেন মন দিয়ে যার যার কাজ করতে পারেন এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ, শিল্পীর বিকাশই ঘটে কাজের মাধ্যমে, সংস্কৃতিরও বিকাশ হয় শিল্পীর কাজের মাধ্যমে। তাই আগামীতে যেন আমার মতো কোনো শিল্পীর কাজ একদিনের জন্যও বন্ধ না হয় আমি তাই চাই। কারণ, আমি মনে করি শিল্পীরা একটি পরিবারের। এখানে কোনো বিভাজন হতে পারে না। ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে আমাকে আবারও ‘আগুন ঝরা সন্ধ্যা’ অনুষ্ঠানের উপস্থাপনা ও সংগীত পরিচালনার সুযোগ করে দেওয়ার জন্য।’
এদিকে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সর্বশেষ বিজ্ঞাপনের একটি আলোচিত বিজ্ঞাপন ‘লিলি বিউটি সোপ’। এই বিজ্ঞাপনের জিঙ্গেল ‘তুলনাহীনা তুমি অনন্যা’র কণ্ঠটা আগুনের। কোটি কোটি দর্শক আগুনের কণ্ঠে এই বিজ্ঞাপনের জিঙ্গেলটি উপভোগ করেছেন। বিজ্ঞাপনের জিঙ্গেলটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলায় আগুন ভীষণ উচ্ছ্বসিত।
অন্যদিকে সর্বশেষ আগুনের কণ্ঠে কয়েক মাস আগে ‘মায়াবী’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়। তার সহশিল্পী রূপসী। গানটি লিখেছেন রূপসী মুমতাজ। সুর করেছেন আলী আক্তার রুনু। উল্লেখ্য, সালমান-মৌসুমী অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় আগুন প্রথম প্লে-ব্যাক করেন। প্রথম প্লে-ব্যাক করেই দারুণ সাড়া ফেলেন আগুন।
হাসান