কয়েক বছর ধরেই বিনোদনের নতুন মাধ্যম হিসেবে দর্শকদের চাহিদা পূরণ করছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম। টেলিভিশন ও সিনেমার বাইরে দর্শকদের অন্যতম বিনোদনের উৎস এখন ওটিটি। বাংলাদেশের দর্শকদের কাছে পশ্চিমের ‘নেটফ্লিক্স’ ছিল এতদিন বিশেষ পছন্দের জায়গায়। তবে এখন শুধু ইংরেজি ভাষার ওটিটি নয়; হাতের কাছে রয়েছে দেশের একাধিক ওটিটি প্ল্যাটফর্ম। যেখানে বছরজুড়ে মুক্তি দেওয়া হচ্ছে ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম।
দেশীয় প্ল্যাটফর্ম বঙ্গ, বিঞ্জ, দীপ্ত প্লে প্রভৃতির মতো ওপার বাংলার হইচই-এ চলতি বছর প্রকাশ করা হয়েছে বাংলা ভাষায় অসংখ্য কনটেন্ট।
বছরজুড়ে আলোচনায় ছিল হইচই। পুরোনো এ বাংলা ওটিটি প্ল্যাটফর্মে চলতি বছর এসেছে কয়েকটি অরিজিনাল সিরিজ। যার অন্যতম স্পিন অফ সিরিজ ‘গোলাম মামুন’। বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেন ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের স্পিন অফ। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। গেল জুনে মুক্তি পাওয়া এ সিরিজ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।
বছরের শেষ ভাগে হইচইয়ে মুক্তি পেয়েছে অনম বিশ্বাস পরিচালিত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে অভিনয় করেন চিত্রনায়িকা পরীমনি। এটিই পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ। কিঙ্কর আহসানের উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিরিজ দারুণভাবে আলোচিত হয়। হইচই চলতি বছর আরেকটি ওয়েব সিরিজ মুক্তি দেয়। ভিকি জাহেদ পরিচালিত ‘রুমি’-তে অভিনয় করেন চঞ্চল চৌধুরী। তিনি এর আগেও ‘তাকদীর’ ও ‘কারাগার’ ওয়েব সিরিজ দিয়ে ওটিটিতে নিজের অবস্থান জানান দেন। তবে ভিকির ‘রুমি’ সিরিজটি তেমনভাবে আলোচনায় আসেনি।

নির্মাতা কাজল আরেফিন অমি ‘বঙ্গ’ প্ল্যাটফর্মে মুক্তি দেন তার দুই ফিকশন ‘অসময়’ ও ‘ফিমেল ৪’। যার মধ্যে ‘ফিমেল ৪’ নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে, ‘অসময়’ দর্শককে ভাবিয়েছে। তবে নির্মাতা অমি একের পর এক ছক্কা হাঁকিয়ে গেছেন এ বছর। কিছু দর্শক সমালোচনায় মুখর হলেও ভিউর দৌড়ে বরাবরই এগিয়ে থাকেন তিনি। এর বাইরে ‘বঙ্গ’ প্রচার করে ‘সেকশন ৩০২’ ও নিজস্ব সিরিজ ‘মেসমেট’। বছরের শেষ ভাগে মুক্তি পেয়ে আফজাল হোসেন অভিনীত সিরিজটি আলোচনায় এসেছে ইতোমধ্যে। সিরিজটি পরিচালনা করেছেন জন মিল্টন।
দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত তিনটি কাজ বিশেষভাবে আলোচিত হয়েছে। সেগুলো হলো– বিভাবরী, ত্রিভুজ ও পয়জন। ফিকশনগুলো পরিচালনা করেন পর্যায়ক্রমে টিটো রহমান, আলোক হাসান ও সঞ্জয় সমাদ্দার।
দেশের আরেকটি ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’। চলতি বছর তাদের দুটো কাজ আলোচনায় এসেছে। যার অন্যতম ‘একটি খোলা জানালা’ এবং ‘ফ্রেঞ্জি’। সিরিজগুলো পরিচালনা করেছেন যথাক্রমে ভিকি জাহেদ ও জাহিদ প্রীতম। ‘একটি খোলা জানালা’ ছিল হরর ঘরানার। এবং ফ্রেঞ্জি বলছে বন্ধুত্বের গল্প। দুই ঘরানার দুটো কাজ নিয়ে আলোচনায় এসেছে দুই নির্মাতা।
আলোচিত ওয়েব সিরিজের বাইরেও আরও ওয়েব সিরিজ এবং কিছু ওয়েব ফিল্ম রয়েছে। তবে নতুন বছরে আরও বেশি কনটেন্ট সংখ্যা বাড়বে বলেও আশা করছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ধীরে ধীরে ওটিটি প্ল্যাটফর্মগুলো নির্মাতাদের স্বাধীনভাবে গল্প বলার মাধ্যমে পরিণত হবে বলেই বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।
হাসান