বলিউড ভাইজান সালমান খানের সঞ্চালনায় ভারতের সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’। এই শোর ১৮তম সিজনের মুকুট জিতলেন করণ বীর মেহরা। দীর্ঘ ১০৪ দিনের নাটকীয়তা, নানান টাস্ক, মারামারির পর লাখ লাখ ভোটে বিগ বস জিতলেন তিনি। এবার গ্র্যান্ড ফিনালেতে দুজন ফাইনালিস্ট ছিলেন, একজন করণ বীর, অন্যজন ভিভিয়ান ডিসেনা।
গত রবিবার সঞ্চালক সালমান খান মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে দুই ফাইনালিস্টকে সঙ্গে নিয়ে বিজয়ীর নাম ঘোষণা করেন। বিগ বস ১৮ বিজয়ীকে দর্শকদের ভোটের ভিত্তিতে বেছে নেওয়া হয়। বিজয়ী হিসেবে করণ বীর পান ৫০ লাখ টাকার নগদ পুরস্কার এবং একটি নতুন সোনার ট্রফি। যদিও নির্মাতারা এখনো রানার্সআপের জন্য পুরস্কারের অর্থ ঘোষণা করেননি।
বিজয়ীর নাম ঘোষণার আগে সালমান খান এবারের সিজনের সেরা ৬ ফাইনালিস্টের পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়ে গ্র্যান্ড ফিনালের উদ্বোধন করেন। তারপর চূড়ান্ত প্রতিযোগী ও অন্য প্রতিযোগীরা কয়েকটি নৃত্য পরিবেশন করেন। এরপর শুরু হয় এলিমিনেশন পর্ব। এই পর্বে প্রথমে বাদ পড়েন ঈশা সিং, ষষ্ঠ স্থানে ছিলেন তিনি। পর্যায়ক্রমে বাদ পড়েন অভিনেতা চুম দারাং ও একে একে বাকিরা। এদিন বিগ বসের ফাইনালের মঞ্চে নিজেদের আগামী চলচ্চিত্র ‘লাভিয়াপ্পা’র প্রচারে এসেছিলেন জুনাইদ খান ও খুশি কাপুর। আমির খানও প্রথমবারের মতো উপস্থিত হয়েছিলেন বিগ বস-এ।
হাসান