হলিউড অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ। ২০২২ সালে বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই নন্দিত তারকা। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন লোপেজ। এক সূত্রের বরাতে জানা গেছে, তিনি বেশ ভালো আছেন এবং ভালো কিছু কাজ বাস্তবায়নের পরিকল্পনা করছেন।
সূত্রের বরাত দিয়ে ইউএস উইকলি জানিয়েছে, বিচ্ছেদের পর তিনি এখন নিজেকে অনুভব করতে পারছেন। লোপেজ মনে করছেন, তার কাজগুলো এখন একদম ঠিকভাবে এগোচ্ছে। বেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক অনেক গভীর ছিল কিন্তু মাঝে মাঝে কেবল ভালোবাসাই যথেষ্ট নয়।
বিচ্ছেদের পর লোপেজের এই ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছিল, তিনি এখনই নতুন কোনো সম্পর্কে জড়াতে চান না এবং বেনের সঙ্গে এখনো তার সৌজন্যমূলক যোগাযোগ রয়েছে।
জেনিফার লোপেজও ইন্টারভিউ ম্যাগাজিনের কাছে বলেছিলেন, ‘গত ২৫-৩০ বছরে অনেক চ্যালেঞ্জের ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে। এই পথটা আমার জন্য মোটেই মসৃণ ছিল না। আমাকে সব নিজে নিজেই করতে হয়েছে। অনেকেই আছেন যারা জীবনসঙ্গীর সঙ্গে সারা জীবন থাকতে চান। একসঙ্গে থেকে সুখী হতে চান কিন্তু এটা সব সময় সম্ভব হয় না।’
তবে বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কোনো অনুশোচনা নেই এই অভিনেত্রীর। বিচ্ছেদের আগে এই জুটি সবশেষ ‘আনস্টপবল’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। ছবিটিতে লোপেজ ‘জুডি রবলস’ চরিত্রে কাজ করেছেন এবং অভিনেত্রীর সাবেক স্বামী বেন সহ-প্রযোজক হিসেবে আছেন। সিনেমাটির প্রিমিয়ার ৭ জানুয়ারি ২০২৫ সালে হওয়ার কথা থাকলেও প্যাসিফিক প্যালিসেডস-এ দাবানলের কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
হাসান