অভিনেতা, লেখক ও কবি শিমুল খান তার দ্বিতীয় বই ‘চল্লিশ হাওয়া (Forty Winds)’ সহকর্মী চিত্রনায়িকা শবনম বুবলীকে উৎসর্গ করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পরীবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বইটির মোড়ক উন্মোচন করেন শবনম বুবলী। বইটির মোড়ক উন্মোচনের পরেই বুবলী জানতে পারেন বইটি তাকে উৎসগ করা হয়েছে।
বইটি হাতে নিয়ে বুবলী সাংবাদিকদের সামনে নিজের মুগ্ধতা প্রকাশ করেন। শিমুল খান বলেন, ‘আদর্শ সহকর্মী ও মানুষ হিসেবে বুবলী অতুলনীয়। তার প্রতিটি পদক্ষেপে চলচ্চিত্র শিল্পের প্রোডাকশন বয় থেকে শুরু করে পরিচালক, প্রযোজক পর্যন্ত সবাই মুগ্ধ হয়েছে। তার পথচলাকে অনুপ্রাণিত করতে আমি আমার দ্বিতীয় বইটি তাকে উৎসর্গ করেছি।’
ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান পোস্টার ডিজাইনার সাজ্জাদুল ইসলাম সায়েমের ডিজাইন করা প্রচ্ছদযুক্ত ‘চল্লিশ হাওয়া’ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত হয়েছে। বইটি সপ্তর্ষি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, যার মূল্য ২০০ টাকা। এটি বইমেলার ৪২৬/৪২৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।