রমজান মাস উপলক্ষে বৈশাখী টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘পরকাল’। বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে ১ রমজান থেকে এর প্রচার শুরু হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকটি প্রচার হবে।
আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আব্দুল্লাহ রানা, লীনা আহমেদ সুফিয়া, মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ, গুলশান আরা, শিখা, অনামিকা, আফসানা নওমি, ইলমাসহ অনেকে।
পরকাল নাটকের গল্প গড়ে উঠেছে খালেক সাহেবের পরিবার আর আশপাশের মানুষকে ঘিরে। খালেক সাহেবের সংসারে সবকিছু থাকার পরেও সুখ নেই। এর কারণ পরিবারে তিনি এবং বড় ছেলের বউ ছাড়া সবাই বেপরোয়া। রমজান মাসেও কারও মধ্যে যেন শৃঙ্খলা নেই। এ রকম আরও কিছু পরিবার রয়েছে, যারা ইহকালের সুখ শান্তি নিয়ে ব্যস্ত, পরকাল নিয়ে ভাববার সময় যেন কারও নেই।
আবার সমাজে এক ধরনের মানুষ রয়েছেন, যারা রোজা কিংবা ইফতার বিষয়টা নিয়ে লোক দেখানো কিছু কর্মকাণ্ড করেন। মোট কথা পবিত্র রমজানের গুরুত্ব, মাহাত্ম্য আর মানবিক বিষয়ই পরকাল নাটকের মূল উপজীব্য।
গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘রমজান মাস সংযমের মাস। এ মাস এলেই আমরা সংযমী না হয়ে বরং অতিমাত্রায় অসংযমী হয়ে যাই। রমজানে গরিব-দুঃখী প্রতিবেশীর হক আদায় না করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেওয়া এবং লোক ঠকানো যেন নিয়মে পরিণত হয়েছে।
আবার সেহরি কিংবা ইফতারে এলাহি সব আয়োজনে চলে লোক দেখানো প্রতিযোগিতা। সেহরি পার্টির নামে রোজার পবিত্রতা নষ্ট করার প্রয়াসও চোখে পড়ার মতো। চারপাশের এ অনিয়মগুলো তুলে ধরাই ‘পরকাল’ নাটকের মূল বিষয়।’
/শাকিল